ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ ফাঁস
এবার ফাঁস হলো যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপ। যেখানে নির্বাচনের ফলাফল পাল্টে দিতে জর্জিয়া অঙ্গরাজ্যের শীর্ষ নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর নির্দেশ না মানলে অনেক ঝুঁকির মধ্যে পড়বেন বলেও সেই কর্মকর্তাকে হুঁশিয়ার করেন তিনি।
ফোনালাপের ওই অডিও ফাঁস করেছে প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট।
রোববার (৩ জানুয়ারি) ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে।
এদিকে অপর এক ফোন কলে রিপাবলিকান সেক্রেটারি অব স্টেট ব্র্যাড রাফেনসপারজারকে তিনি বলেন, দেখুন। আমি শুধু এটি করতে চাই। আমি শুধু ১১ হাজার ৭৮০টা ভোট খুঁজে পেতে চাই, যা আমাদের এখনকার চেয়ে একটি বেশি। কারণ আমরা এই অঙ্গরাজ্যে জিতেছি।
ট্রাম্পের কথার জবাবে ব্র্যাড রাফেনসপারজারকে বলেন, আপনি ভুল তথ্যের ওপর ভিত্তি করে কথা বলছেন। রাজ্যের ভোট একাধিকবার গণনা করা হয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্পের কথায় তিনি নতুন করে ভোট খোঁজে পাওয়ার কাজ যে করবেন না, তা বিনয়ের সঙ্গে বলেন এই কর্মকর্তা।
অবশ্য ইলেকটোরাল ভোট প্রত্যয়নের লক্ষ্যে ৬ জানুয়ারি অনুষ্ঠেয় কংগ্রেসের যৌথ অধিবেশনে নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ জানানোর কথা আগেই ঘোষণা করেছিলেন কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা। এখন এই দলে আরও অন্তত এক ডজন রিপাবলিকান সিনেটর যোগ দিয়েছেন। তারা জানিয়েছেন, ৬ জানুয়ারির যৌথ অধিবেশনে তারা ট্রাম্পের পক্ষে দাঁড়াবেন এবং জো বাইডেনের জয়কে প্রশ্নবিদ্ধ করবেন।